মেসিকে অধিনায়ক রেখেই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার
শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দলটির নেতৃত্বে থাকছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ হবে ৩৮ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ অভিজ্ঞ ফুটবলারকেই ধরে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও ক্রিশ্চিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ একাধিক বিশ্বকাপজয়ী তারকা স্কোয়াডে জায়গা পেয়েছেন।
তবে দীর্ঘদিন আলোচনায় থাকলেও আন্তর্জাতিক অবসর ভেঙে দলে ফেরেননি অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৪ কোপা আমেরিকার পর জাতীয় দলকে বিদায় জানানো এই অভিজ্ঞ উইঙ্গারকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা সাজিয়েছে আর্জেন্টিনা।
এদিকে ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবারের স্কোয়াডে ফিরেছেন। এছাড়া তরুণ প্রতিভা ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদাও প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। এরপর গ্রুপে তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
আর্জেন্টিনার চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার:
লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।
মিডফিল্ডার:
লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।
২১৩ বার পড়া হয়েছে