রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রদল নেতাকর্মীরা
সোমবার, ২৫ মে, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির মোল্লাপাড়া এলাকায় আর্থিক সংকটে ধান কাটতে না পারা এক দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার ওই এলাকার এক কৃষক অর্থের অভাবে পাকা ধান কাটার জন্য শ্রমিক নিয়োগ করতে পারছিলেন না। একই সঙ্গে অনিশ্চিত আবহাওয়া ও বৃষ্টির আশঙ্কায় তার কষ্টে অর্জিত ফসল নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এমন পরিস্থিতির খবর পেয়ে সোমবার (২৫ মে) সকালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্যোগ নেন। তীব্র গরম উপেক্ষা করে তারা ধান কেটে মাঠ থেকে সংগ্রহ করে আঁটি বেঁধে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।
এ মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ভুক্তভোগী কৃষক জানান, শ্রমিকের খরচ জোগাড় করতে না পারায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। ছাত্রদল নেতাকর্মীরা পাশে দাঁড়িয়ে ধান ঘরে তুলে দেওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে ছাত্রদল নেতারা বলেন, সংগঠনটি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও তাদের দায়িত্বের অংশ।
এই ধান কাটার কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছাত্রদলের এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
১২৩ বার পড়া হয়েছে