সাভার-আশুলিয়া মহাসড়কে এখনো স্বাভাবিক যান চলাচল, দুপুরের পর চাপ বাড়ার শঙ্কা
সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈদযাত্রার শুরুতে রাজধানীর প্রবেশদ্বার সাভার-আশুলিয়া এলাকার নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে এখনো স্বাভাবিক রয়েছে যান চলাচল। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিল্পাঞ্চলের বেশ কিছু পোশাক কারখানায় ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হলেও অধিকাংশ কারখানা এখনও কার্যক্রম চালু রেখেছে। ফলে সকালে এবং রাতের কিছু সময়ে শ্রমিকদের একটি অংশ নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হলেও মহাসড়কে তেমন কোনো চাপ তৈরি হয়নি।
পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের মতে, উত্তরবঙ্গগামী কিছু যানবাহনের চাপ থাকলেও তা স্বাভাবিক মাত্রার মধ্যেই রয়েছে। তাই মহাসড়ক দুটিতে যান চলাচল এখনো নির্বিঘ্নে চলছে।
তবে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দুপুরের পর থেকে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। কারণ ধাপে ধাপে শিল্পকারখানাগুলো ছুটি দেওয়া শুরু হলে একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক ও যাত্রী রাস্তায় নামবেন। এতে সন্ধ্যার দিকে যানবাহনের চাপ বাড়তে পারে এবং কোথাও কোথাও ধীরগতি বা যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তারা সার্বক্ষণিকভাবে কাজ করছেন।
সংশ্লিষ্টরা সবাইকে সতর্কভাবে ভ্রমণ করার পাশাপাশি ধৈর্য ধরে যাত্রা করার আহ্বান জানিয়েছেন, যাতে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন থাকে।
১২৩ বার পড়া হয়েছে