টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে খাদে, নিহত ১৫, আহত ৬
সোমবার, ২৫ মে, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের সারাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রডবোঝাই ট্রাকটিতে কয়েকজন যাত্রীও ছিলেন। পথিমধ্যে কালিহাতীর সারাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত ও আহতদের অধিকাংশের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১২১ বার পড়া হয়েছে