কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে ১০ লাখ টাকার অবৈধ পণ্য ও মাদক উদ্ধার
সোমবার, ২৫ মে, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধার হওয়া এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১৮ হাজার টাকা।
সোমবার (২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক কয়েকটি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ মে রাত আনুমানিক ৯টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুড়া নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৯৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক মূল্য ১ লাখ ৬১ হাজার ৭০০ টাকা।
একই দিন রাত ৯টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ রংমহল মাঠ এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা।
এদিকে রাত ১১টা ৪০ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ, ২ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।
এছাড়া সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ ডাংমড়কা চৌরাস্তা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ১৬০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৩৩ বার পড়া হয়েছে