কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি, বিএনপি নেতার স্বজন আহত; অস্ত্রসহ একজন আটক
রবিবার, ২৪ মে, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার চলাকালীন সময় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের এক স্বজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২৪ মে) বেলা ১২টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত ব্যক্তির নাম মঈন উদ্দিন। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। তার বাড়ি লিংক রোড এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি পুরোনো মারামারি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে তিনি আদালত চত্বর থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
গুলির শব্দে আদালত চত্বরে থাকা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত মঈন উদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
অন্যদিকে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিয়াউল হক জিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ঈদগাঁও এলাকায় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
পুলিশ বলছে, পুরো ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
১১০ বার পড়া হয়েছে