মুশফিক-লিটনের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ, সেঞ্চুরির অপেক্ষায় মুশফিক
সোমবার, ১৮ মে, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্তর দ্রুত বিদায়ের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে বড় লিডের পথে রয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান ছাড়িয়েছে এবং প্রথম ইনিংসের ৪৬ রানসহ স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ৩১৮ রানের বিশাল ব্যবধানে। ক্রিজে হাফ সেঞ্চুরি হাঁকানো অভিজ্ঞ মুশফিকুর রহিম এখন সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন।
এর আগে, দিনের শুরুতে সকালের সেশনটা স্বস্তিদায়ক ছিল না বাংলাদেশের জন্য। দিনের চতুর্থ ওভারেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪৬ বলে ১৫ রান)। দলীয় ১১৫ রানে ৪র্থ উইকেট হারিয়ে দল যখন কিছুটা চাপে, তখন ক্রিজে আসেন প্রথম ইনিংসের শতকধারী লিটন দাস।
উইকেটে অবিচল থাকা মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানি বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন লিটন। ৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭০ রান, যেখানে মুশফিক ২১ ও লিটন ৩৪ রানে অপরাজিত ছিলেন। এরপর ইনিংসের ৫২.৩ ওভারে দলীয় ২০০ রানের মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা। প্রথম সেশনে ২৬.২ ওভার খেলে মাত্র ১টি উইকেট হারিয়ে বোর্ডে আরও ৯৩ রান যোগ করে বাংলাদেশ। ফলে ৪ উইকেটে ২০৩ রান তুলে এবং মোট ২৪৯ রানের লিড নিয়ে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যায় দল।
লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই খুররম শাহজাদকে বাউন্ডারি মেরে ৬৭ বলে ৪টি চারের সাহায্যে লাল বলের ক্রিকেটে নিজের ২০তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস। এরপর ১০৩ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান অভিজ্ঞ মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়ে তোলেন ১২৩ রানের এক বিপজ্জনক জুটি। তবে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটিটি ভাঙেন পাকিস্তানি পেসার হাসান আলী। তার ডেলিভারিতে শাকিলের হাতে ক্যাচ দেওয়ার আগে ৯২ বলে ৬৯ রান করেন লিটন। ৬৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ যখন ৫ উইকেটে ২৪১ রান এবং লিড ২৮৭ রান, তখন ক্রিজে ৫৩ রানে মুশফিক ও ২ রানে অপরাজিত ছিলেন নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ।
এরপর ইনিংসের ৬৭.৩ ওভারে দলীয় ২৫০ রানের গণ্ডি স্পর্শ করে বাংলাদেশ। ক্রিজে সেট হয়ে যাওয়া মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছিলেন মিরাজ। তবে খুররম শাহজাদের একটি চমৎকার ডেলিভারির লাইন মিস করে সরাসরি বোল্ড হন মিরাজ। বিদায়ের আগে ৩৯ বলে ১টি চারের সাহায্যে ১৯ রান করেন তিনি। দলীয় ২৭২ রানে মিরাজের বিদায়ের পর ক্রিজে নতুন ব্যাটার হিসেবে এসেছেন তাইজুল ইসলাম। অন্য প্রান্তে মুশফিকুর রহিম দলকে বড় সংগ্রহের দিকে টেনে নিয়ে যাচ্ছেন।
১২০ বার পড়া হয়েছে