দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ
শনিবার, ১৬ মে, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন। সফরের মধ্যে জেলার সেচ সুবিধা বৃদ্ধির জন্য দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়া রয়েছে।
সকালে রাজধানী ঢাকা থেকে কুমিল্লা হয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পথে চাঁদপুর-কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় অংশ নেবেন তিনি।
দুপুরে শাহরাস্তির উয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই সময় ভার্চ্যুয়ালি আরও ২১টি জেলায় এই কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হবে।
সফরের সমাপ্তিতে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন তিনি।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং জনদূর্ভোগ এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হাসান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুদু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং স্থানীয় সংসদ সদস্যরা এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
১১৮ বার পড়া হয়েছে