ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, চাঁদাবাজি ভিডিও শেয়ারকে কেন্দ্র করে সংঘর্ষ
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পরিবহনে চাঁদাবাজির ঘটনায় দুই যুবককে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করায় স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুর রহমান ওরফে মিঠু শিকদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা বৃহস্পতিবার (১৪ মে) রাতে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় দুই দফায় সংঘটিত হয়। আহত সাইদুর রহমান বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত সাইদুর রহমান ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার শাহজাহান শিকদারের ছেলে। তিনি বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপকের দায়িত্ব পালন করছেন এবং এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, সাইদুরের মাথা, পিঠ ও ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথার আঘাত গুরুতর এবং অনেক রক্তক্ষরণ হয়েছে।
আহতের ছোট ভাই রাজু শিকদার অভিযোগ করেন, সোহান মুন্সি ও শোয়েব মোল্লা চিহ্নিত চাঁদাবাজ। তারা ভাঙ্গা বাসস্ট্যান্ডের বিভিন্ন কাউন্টারে চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করছিল। গত ১২ মে তাদের পুলিশ আটক করে, পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন। সাইদুর এই ঘটনার ভিডিও ফেসবুকে শেয়ার করলে হামলার লক্ষ্য হন।
রাজু আরও বলেন, সন্ধ্যায় প্রথমে লাঠি ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং রাত ৯টার দিকে হাসপাতালে নেওয়ার সময় ছুরিকাঘাত চালানো হয়। হামলাকারী সোহান মুন্সি (২৮) ও শোয়েব মোল্লা (৩০) পলাতক রয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, ঘটনা ন্যাক্কারজনক, হামলাকারীরা আইনগতভাবে দায়ী। তিনি ওসিকে ফোন দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ১২ মে বিকালে ভাঙ্গা বাসস্ট্যান্ডের অদূরে চেকার রবিনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে সোহান ও শোয়েবকে আটক করা হয় এবং পরে তারা ছাড়িয়ে আনা হয়। ওই সময়ের ঘটনা ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়।
১১৯ বার পড়া হয়েছে