টুঙ্গিপাড়ায় ইজিপিপি’র আওতায় খাল খনন ও সংস্কার কর্মসূচির উদ্বোধন
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় সরকারি ঘোষিত খাল খনন, পুনঃখনন ও সংস্কার কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার ঝনঝনিয়া এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী।
জানা গেছে, ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এই খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ টাকা। প্রকল্পটি শ্রমিকের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ইজিপিপি কর্মসূচির আওতায় খাল সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জল নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হ্রাস এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার মাধ্যমে কৃষি উৎপাদনে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা খনন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।
উদ্বোধনী বক্তব্যে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ এলাকায় জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখবে। সরকারের এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকেরা সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ. এম. আনসার।
এছাড়াও উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম শেখ, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমরেজ ফকির, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিজয় বাড়ুই, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিরাপদ, স্থানীয় ব্যক্তিত্ব মো. শামীম হোসেন, আব্দুর রাজ্জাক শেখসহ ডুমুরিয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় ও নাব্যতা সংকটের কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। খাল খনন সম্পন্ন হলে কৃষিজমির পানি নিষ্কাশন সহজ হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
১০৭ বার পড়া হয়েছে