কুয়াকাটার উন্নয়ন ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’র আত্মপ্রকাশ
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি, সাগরকন্যা খ্যাত কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তর এবং পরিবেশবান্ধব পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
এ উপলক্ষে গত ১৩ মে (বুধবার) সন্ধ্যার পর কুয়াকাটার অভিজাত হোটেল খান প্যালেসের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী।
সভা শেষে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লীকে আহ্বায়ক এবং কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহিপুর থানা শাখার সভাপতি মোঃ ফজলুল হক খান, কুয়াকাটা শাখার সভাপতি আবদুল হালিম বেপারী, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামী, হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাশেল খান, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকসহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, কুয়াকাটা পর্যটন নগরীর উন্নয়ন, গতিশীলতা ফিরিয়ে আনা, পরিচ্ছন্ন শহর ও পরিচ্ছন্ন সমুদ্র সৈকত গড়ে তোলা এবং পরিকল্পিত পর্যটন নগরী নির্মাণে কুয়াকাটাবাসীকে এগিয়ে আসতে হবে। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কুয়াকাটার উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার লক্ষ্যেই “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” গঠন করা হয়েছে বলে তারা জানান।
বক্তারা আরও বলেন, ১৯৯৮ সালে কুয়াকাটায় পর্যটনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ২০১০ সালে এটি পৌরসভায় উন্নীত হয়। কিছু অভ্যন্তরীণ সড়কের উন্নয়ন হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কুয়াকাটাকে পর্যটকবান্ধব হিসেবে গড়ে তুলতে পর্যটন করপোরেশন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে ক্রমেই পর্যটকরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং বিনিয়োগকারীরাও তাদের বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তারা আরও উল্লেখ করেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রোধে একাধিকবার প্রকল্প প্রস্তাবনা পাঠানো হলেও এক যুগেও তা বাস্তবায়িত হয়নি। এসব অসঙ্গতি দূর করে কুয়াকাটার উন্নয়নে কুয়াকাটাবাসীকে দলমত, মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এই সংগঠন গঠন করা হয়েছে।
আগামী দিনে কুয়াকাটার উন্নয়নে সরকারকে সহযোগিতা করারও অঙ্গীকার ব্যক্ত করেন নবগঠিত “কুয়াকাটা উন্নয়ন ফোরাম”-এর নেতৃবৃন্দ।
১২৬ বার পড়া হয়েছে