গাউসুল আজম খানকা শরীফ: দক্ষিণবঙ্গে দেড় শতকের ঐতিহ্য
বুধবার, ১৩ মে, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলার আধ্যাত্মিক ইতিহাসে মসজিদ, মাদ্রাসা ও খানকাহ সংস্কৃতি শুধু ধর্মীয় অনুশীলনের কেন্দ্র ছিল না বরং এগুলো ছিল স্রষ্টার প্রার্থনা, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, সামাজিক সংহতি ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য ধর্মচর্চার কেন্দ্র।
উপমহাদেশের মুসলিম সমাজে খানকাহ মানেই ছিল মানুষের অন্তরজগত নির্মাণের এক নীরব বিদ্যাপীঠ। সেই ধারারই একটি উজ্জ্বল প্রতিচ্ছবি “গাউসুল আজম খানকা শরীফ (১৮৯০)”। প্রায় ২ শত বছরের ধর্মীয় ও আধ্যাত্মিক মার্কাজ, যেখানে তাসাউফ, মানবতা, ইলম ও রুহানিয়াত একসঙ্গে বিকশিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। ১৮৯০ সালের দিকে খানকা শরীফটি ধর্মচর্চা, আধ্যাত্মিকতা ছাওফের উচ্চতাপ কায় বসলেও এর প্রতিষ্ঠাকাল প্রায় ২ শত বছর আগের।
এই খানকাহ শরিফের ইতিহাস কেবল কোনো স্থাপনার ইতিহাস নয় এটি এক আধ্যাত্মিক উত্তরাধিকারের ইতিহাস। এটি এমন এক ধারা, যেখানে মানুষকে বাহ্যিক চাকচিক্যের পরিবর্তে অন্তরের সৌন্দর্য অর্জনের শিক্ষা দেওয়া হয়েছে। হযরত শাহসুফী খাজা ফয়েজ উদ্দিন রহ. (১৮৫৪-১৯৫৫) এবং তাঁর আধ্যাত্মিক উত্তরসূরি হযরত খাজা নাছের আলী রহ. (১৮৮৫-১৯৮২) এর জীবন ও দর্শনের মধ্য দিয়ে এই খানকাহ একটি পূর্ণাঙ্গ তাসাউফী মারকাজে রূপ লাভ করে।
বাংলার সুফি ঐতিহ্যে একটি বিখ্যাত পংক্তি আছে— “ঝিনুকে মুক্তা হলেই চুপ হয়ে যায়, মুখ খোলে না।”
এই পংক্তি প্রকৃতপক্ষে মারেফাতের গভীর দর্শন বহন করে। সত্যিকার আরেফ বা আল্লাহওয়ালা ব্যক্তি কখনো আত্মপ্রচারে মগ্ন হন না। কারণ তিনি জানেন, আত্মার ভেতরে যখন আল্লাহর প্রেম জন্ম নেয়, তখন শব্দের চেয়ে নীরবতা অধিক অর্থবহ হয়ে ওঠে। এই নীরবতার দর্শনই আমরা স্পষ্টভাবে দেখতে পাই হযরত শাহসুফী খাজা ফয়েজ উদ্দিন (রহ.)-এর জীবনে।
হযরত শাহসুফী খাজা ফয়েজ উদ্দিন (রহ.) ছিলেন এমন এক আধ্যাত্মিক ও উঁচুতফকার সাধক, যিনি মানুষের অন্তরজগৎকে জাগ্রত করার জন্য নিজেকে আড়াল করে রেখেছিলেন। তাঁর খানকাহে বাহ্যিক জৌলুস ছিল না, কিন্তু ছিল আত্মিক প্রশান্তির এক অপার্থিব আবহ। মানুষ সেখানে যেত কেবল ধর্মীয় আচার পালনের জন্য নয় বরং মানসিক শান্তি, নৈতিক শিক্ষা ও আত্মিক পরিশুদ্ধির সন্ধানে।
ঊনবিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতাব্দীর শুরুর সময় বাংলার মুসলিম সমাজ নানা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে আক্রান্ত ছিল। ঔপনিবেশিক শাসনের প্রভাবে মানুষের ধর্মীয় ও নৈতিক চেতনা দুর্বল হয়ে পড়ছিল। সেই সময় সুফি খানকাহগুলো সাধারণ মানুষের জন্য এক বিকল্প নৈতিক আশ্রয় হয়ে ওঠে। দক্ষিণবঙ্গের "গাউসুল আজম খানকা শরীফ" ঠিক সেই ভূমিকা পালন করেছিল। এখানে ধর্মকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি; বরং মানুষের চরিত্র গঠন, বিনয়, সহিষ্ণুতা ও মানবপ্রেমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
খাজা ফয়েজ উদ্দিন (রহ.) বিশ্বাস করতেন, মানুষের অন্তরকে পরিবর্তন না করে সমাজ পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি বাহ্যিক শাসনের পরিবর্তে আত্মশুদ্ধিকে অধিক গুরুত্ব দিয়েছেন। তাঁর তাসাউফী দর্শনের মূলভিত্তি ছিল - “নফসের পরিশুদ্ধি ও অন্তরের বিনয়।” তিনি মনে করতেন, অহংকারই মানুষের আত্মিক পতনের প্রধান কারণ। এই দর্শনের প্রতিফলন আমরা সুফি সাহিত্য ও ইসলামী আধ্যাত্মিক দর্শনেও দেখতে পাই।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— “নিশ্চয়ই সফলকাম হয়েছে সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে।”
—সূরা আশ-শামস: ৯
এই আত্মশুদ্ধির পথই ছিল খানকাহর মূল শিক্ষা। এখানে মানুষকে শেখানো হতো—আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কেবল ইবাদত যথেষ্ট নয় বরং মানুষের প্রতি দয়া, ক্ষমা, সহমর্মিতা ও বিনয়ও অপরিহার্য।
হযরত খাজা ফয়েজ উদ্দিন (রহ.)-এর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল তাঁর নীরবতা। এই নীরবতা ছিল গভীর আধ্যাত্মিক উপলব্ধির বহিঃপ্রকাশ। সুফি সাধকগণ বিশ্বাস করেন, যে হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করে, সে হৃদয় অহেতুক বাক্যব্যয়ে লিপ্ত হয় না। তাই তাঁরা কম কথা বলতেন, বেশি চিন্তা করতেন এবং মানুষের অন্তরে নীরবে প্রভাব বিস্তার করতেন।
এই আধ্যাত্মিক ধারার পূর্ণ বিকাশ ঘটে হযরত খাজা নাছের আলী (রহ.)-এর জীবনে। তিনি ছিলেন একাধারে সুফি সাধক, সমাজচিন্তক ও মানবিক দর্শনের ধারক। তাঁর চিন্তার কেন্দ্রবিন্দু ছিল “রুবুবিয়াত”—অর্থাৎ আল্লাহর সৃষ্টিজগতের প্রতি দায়িত্বশীলতা।
তিনি বিশ্বাস করতেন, আধ্যাত্মিকতা কেবল নির্জনে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষের কল্যাণে কাজ করাও ইবাদতের অংশ। তাঁর দর্শনে ধর্ম ছিল মানবিক, অন্তর্মুখী ও প্রেমময়। তিনি মানুষকে বিভেদ নয়, ঐক্যের শিক্ষা দিয়েছেন। তাঁর খানকাহ ছিল ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহমর্মিতার এক অনন্য কেন্দ্র।
বাংলার সমাজে বহু সময় ধর্মকে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু সুফি সাধকরা সবসময় মানুষকে হৃদয়ের ঐক্যের দিকে আহ্বান করেছেন। খাজা নাছের আলী (রহ.)-এর জীবনেও আমরা সেই মানবিক ইসলামের প্রতিফলন দেখতে পাই। তিনি মানুষের বাহ্যিক পরিচয়ের চেয়ে অন্তরের বিশুদ্ধতাকে অধিক মূল্য দিতেন।
তাঁর দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল—মানুষের অন্তর ভাঙা সবচেয়ে বড় অপরাধ। তিনি বলতেন, মানুষের হৃদয় আল্লাহর নূরের আবাসস্থল। তাই কাউকে অপমান করা, ঘৃণা করা বা কষ্ট দেওয়া আত্মিক অন্ধকার সৃষ্টি করে।
এই দর্শনের সঙ্গে হাদিসের গভীর সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেন—
“মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।”
—সহিহ বুখারি
খানকাহর পরিবেশে এই নৈতিক শিক্ষাগুলো শুধু তাত্ত্বিকভাবে শেখানো হতো না বরং বাস্তব জীবনে অনুশীলন করা হতো। এখানকার শিক্ষা ছিল চরিত্রকেন্দ্রিক। তাই এই মারকাজ থেকে বের হওয়া মানুষদের মধ্যে নম্রতা, ধৈর্য ও সহনশীলতা স্পষ্টভাবে প্রতিফলিত হতো।
বাংলার সুফি সংস্কৃতিতে গান, কবিতা ও আধ্যাত্মিক রূপক বিশেষ গুরুত্ব বহন করে। “সাপের মাথায় হইলে মণি, থাকে না তার উলটা ফোণি”—এই পংক্তিটিও আসলে আত্মিক পরিবর্তনের প্রতীক। যখন মানুষের অন্তরে আল্লাহর প্রেম জাগ্রত হয়, তখন তার ভেতরের অহংকার, হিংসা ও ক্রোধ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়।
খাজা ফয়েজ উদ্দিন (রহ.) ও খাজা নাছের আলী (রহ.)-এর জীবনে আমরা সেই পরিবর্তনের বাস্তব প্রতিফলন দেখতে পাই। তাঁরা কখনো প্রতিপক্ষকে ঘৃণা করেননি, ভিন্নমতকে অবজ্ঞা করেননি। বরং ক্ষমা, ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে মানুষকে জয় করার চেষ্টা করেছেন। কারণ তাঁরা জানতেন, আধ্যাত্মিকতার প্রকৃত উদ্দেশ্য মানুষকে ছোট করা নয় বরং মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা।
বর্তমান সময়ে মানুষ বাহ্যিক সাফল্যের পেছনে দৌড়াতে গিয়ে আত্মিক প্রশান্তি হারিয়ে ফেলছে। প্রযুক্তিগত উন্নয়ন বৃদ্ধি পেলেও মানুষের অন্তর ক্রমশ শূন্য হয়ে পড়ছে। পরিবার ভেঙে যাচ্ছে, সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে, মানুষ ক্রমেই মানসিক অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে।
এই বাস্তবতায় "গাউসুল আজম খানকা শরীফে" র মতো আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব নতুনভাবে অনুভূত হয়। কারণ এসব খানকাহ মানুষকে মনে করিয়ে দেয়- মানুষের প্রকৃত উন্নতি সম্পদে নয়, আত্মার পরিশুদ্ধিতে।
তাসাউফের মূল শিক্ষা হলো- মানুষকে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করা এবং আত্মাকে অহংকারমুক্ত করা। এই শিক্ষা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ বর্তমান বিশ্বে ধর্মকে প্রায়ই বাহ্যিক পরিচয়, স্লোগান ও প্রতিযোগিতামূলক ধার্মিকতার মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে। অথচ প্রকৃত আধ্যাত্মিকতা শব্দে নয়, আচরণে প্রকাশ পায়।
"গাউসুল আজম খানকা শরীফ" সেই নীরব আধ্যাত্মিকতারই প্রতীক। এখানে মানুষকে শেখানো হয়েছে- সত্যিকার সাধক কখনো নিজেকে জাহির করেন না। তিনি নিজের ভেতরে আল্লাহর প্রেম লালন করেন এবং নীরবে মানুষের হৃদয়ে আলো পৌঁছে দেন।
ইতিহাস সাক্ষ্য দেয়, সত্যিকারের অলিদের কণ্ঠস্বর কখনো খুব উচ্চ ছিল না কিন্তু তাঁদের নীরবতা যুগ যুগ ধরে মানুষের অন্তরে প্রতিধ্বনিত হয়েছে। বাংলার সুফি ঐতিহ্যের এই ধারাই আজও মানুষের আত্মিক পুনর্জাগরণের প্রেরণা হয়ে আছে।
খানকা শরীফের বর্তমান খাদেম ও আধ্যাত্মিক উত্তরসূরী হিসেবে দায়িত্ব পালন করছেন হযরত শাহসুফি খাজা ফয়েজ উদ্দিন (রহ.)-এর দৌহিত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আইনশাস্ত্রের অভিজ্ঞ গবেষক ও দাঈ ইলাল্লাহ হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ইসমাইল (দা: বা:)।
তিনি তাসাউফী ঐতিহ্য, শরীয়তের জ্ঞান এবং দাওয়াতি প্রজ্ঞার সমন্বয়ে খানকা শরীফের আধ্যাত্মিক ও সামাজিক কার্যক্রমকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর গভীর ইলম, বিনয়ী চরিত্র এবং ইসলামী নৈতিকতার প্রতি দৃঢ় অবস্থান তাঁকে একটি অনন্য অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং সমাজ সংস্কার, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক নিবেদিত দাঈ হিসেবে পরিচিত।
তার নেতৃত্বে খানকা শরীফ আজ আধ্যাত্মিক প্রশান্তি, ধর্মীয় শিক্ষা এবং নৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি নবী করিম (সা.)-এর আদর্শ ও আউলিয়া কেরামের তরিকাকে অনুসরণ করে সমাজে ইমানি জাগরণ ও সৎপথের আহ্বান অব্যাহত রেখেছেন।
"গাউসুল আজম খানকা শরীফ" তাই শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়। এটি বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এখানে ইতিহাস আছে, ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্য আছে, তাসাউফের গভীর দর্শন আছে এবং আছে মানুষকে মানুষ হওয়ার শিক্ষা।
তথ্যসূত্রঃ
১. পবিত্র কুরআনুল কারিম, সূরা আশ-শামস, আয়াত ৯।
২. সহিহ বুখারি, কিতাবুল ঈমান।
৩. ইমাম আবু হামিদ আল-গাজ্জালী, ইহইয়াউ উলুমিদ্দীন।
৪. আলী হুজভীরী (রহ.), কাশফুল মাহজুব।
৫. ড. মুহাম্মদ এনামুল হক, বঙ্গে সুফি প্রভাব।
৬. আহমদ শরীফ, বাংলার সুফি সাহিত্য।
৭. সৈয়দ মুজতবা আলী, দেশে বিদেশে (বাংলার আধ্যাত্মিক সমাজ প্রসঙ্গ)।
৮. বাংলা লোকসাহিত্য ও বাউল-সুফি দর্শনবিষয়ক গবেষণা প্রবন্ধসমূহ।
৯. স্থানীয় ইতিহাস সংগ্রহ (বালিয়াতলী গ্রাম আর্কাইভ, বরগুনা)
১০. শিক্ষালয় (বর্ষ-২৮,সংখ্যা- ৫৬, ডিসেম্বর ২০২৫)
১১. মৌখিক সাক্ষাৎকার: খাজা পরিবার,হক্কানী আলেম-ওলামা ও স্থানীয় প্রবীণগণ, বালিয়াতলী ২০২৪
১২. জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন।
১৩. প্রসিদ্ধ ও হক্কানী দরবার শরীফ থেকে প্রাপ্ত তথ্য।
লেখকঃ সিনিয়র সাংবাদিক, বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং ব্রাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের কর্ম-অভিজ্ঞ।
১৫৬ বার পড়া হয়েছে