সর্বশেষ

খেলা

চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য, লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে ২৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তোলার পর ড্রেসিংরুম থেকে আসে ডিক্লেয়ারেশনের সংকেত।

প্রথম ইনিংসের ২৭ রানের লিড যোগ হওয়ায় জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় ২৬৮ রান।

পঞ্চম দিনের সকালে দ্রুত রান তোলার লক্ষ্যেই আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশ। শেষদিকে তাসকিন আহমেদ ঝড়ো ব্যাটিংয়ের চেষ্টা করেন। মাত্র ৫ বলে এক চার ও এক ছক্কায় ১১ রান করে হাসান আলীর শিকার হন তিনি। দিনের শুরুতে ২০ ওভারে ৮৮ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

এর আগে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ায় তারা ১৭৯ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামে। বৃষ্টি ও আলোস্বল্পতার কারণে সোমবার মাত্র ৪৮.৪ ওভার খেলা হয়েছিল। ওই সময় ১৪৫ রান যোগ করে বাংলাদেশ। ১০৫ বলে ছয় চারে ৫৮ রান নিয়ে অপরাজিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে ৩১ বলে তিন চারে ১৬ রান করে তাকে সঙ্গ দিচ্ছিলেন মুশফিকুর রহিম।

বড় লক্ষ্য গড়ার উদ্দেশ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মুশফিকুর রহিম। তবে হাসান আলীর বলে অহেতুক শট খেলতে গিয়ে শান মাসুদের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে ৩৭ বলে ২২ রান করেন মুশফিক।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ থাকলেও তা হাতছাড়া হয়। ৬৮তম ওভারে নোমান আলীর বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৫০ বলে ৭ চারসহ ৮৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন শান্ত।

রিভিউ নিয়ে একবার জীবন পেলেও সেটির সদ্ব্যবহার করতে পারেননি লিটন দাস। শাহীন আফ্রিদির বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিংয়ে ভুল করে ক্যাচ দেন তিনি। ২৮ বলে ১১ রান করে ফেরেন লিটন। তার বিদায়ে ১৯০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

একপর্যায়ে নাজমুল-মিরাজ জুটিতে বাংলাদেশের লিড ২৩৪ রানে পৌঁছে যায়। শান্ত ৮৫ ও মিরাজ ১৭ রানে অপরাজিত ছিলেন।

দলীয় ২২৫ রানে মেহেদী হাসান মিরাজকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করে টেস্ট ক্যারিয়ারের শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন নোমান আলী। ২৪ রান করা মিরাজ ফেরার দুই বল পরই তাইজুল ইসলামকে সরাসরি বোল্ড করেন তিনি। ৩ রান করে সাজঘরে ফেরেন তাইজুল। ২৩২ রানে অষ্টম উইকেট হারিয়ে তখন কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৩ রানেই ওপেনার ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। মধ্যাহ্নভোজের আগে পাকিস্তান ৪ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে মাত্র ৬ রান। তখনও জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ২৬২ রান। ক্রিজে ছিলেন আজান আওয়াইস ও নতুন ব্যাটার আব্দুল্লাহ ফজল।

দ্রুত এক উইকেট হারালেও পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের জুটিতে রান তুলতে থাকে সফরকারীরা। ১১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪৪ রান। তখন জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ২২৪ রান, হাতে ছিল ৯ উইকেট।

তবে ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা পাকিস্তানকে আবারও চাপে ফেলে বাংলাদেশ। দলীয় ৫৭ রানে আজান আওয়াইসকে বোল্ড করে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৩৩ বলে ১৫ রান করেন আজান। ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৭ রান। জয়ের জন্য তখনও তাদের প্রয়োজন ২১১ রান, হাতে ছিল ৮ উইকেট।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন