রাষ্ট্রপতির বিদেশ সফরে স্থগিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠান
রবিবার, ১০ মে, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতির বিদেশ সফরের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শনিবার রাতে বাসসকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম। তিনি জানান, পুলিশ পদক প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয়। তবে বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পদক প্রদান সংক্রান্ত সরকারি আদেশও এখনো জারি হয়নি। পরবর্তীতে সুবিধাজনক সময়ে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে, ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রোববার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। ১০ থেকে ১৩ মে পর্যন্ত চলবে এ আয়োজন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কন্টিনজেন্টের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পদক প্রদান অনুষ্ঠান ছাড়া পুলিশ সপ্তাহের বাকি সব কর্মসূচি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
১১৮ বার পড়া হয়েছে