ফরিদপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনার সময় ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী কয়েকজন বখাটে যুবক গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে মেয়েটিকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে ফেলে রেখে যায়।
অচেতন অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
নির্যাতিতার খালা জানান, ঘটনার রাতে দুই বোন পৃথক দুটি ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১টার দিকে এক যুবক জানালা ভেঙে প্রথমে ঘরে ঢোকে এবং পরে সদর দরজা খুলে দিলে তার সহযোগীরা প্রবেশ করে। তারা জোরপূর্বক কিশোরীকে তুলে নিয়ে যায়। ভুক্তভোগী কয়েকজনকে চিনতে পেরেছে এবং এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, পুলিশ এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। অভিযুক্ত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
১২১ বার পড়া হয়েছে