নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরলেন তারেক রহমান
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরের বিভিন্ন সড়ক ও এলাকার পরিচ্ছন্নতা, সবুজায়ন, পানি নিষ্কাশনসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের আগে শুক্রবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে নিজ বাসভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তাঁদের সঙ্গে নিয়ে নগর পরিদর্শনে বের হন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। তাঁর পরিদর্শন করা এলাকাগুলোর মধ্যে ছিল ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, বিমানবন্দর সড়ক হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী।
সন্ধ্যায় গুলশান এভিনিউয়ের বাসভবনে ফিরে যান তিনি। এর আগে পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
বিভিন্ন এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
১০৫ বার পড়া হয়েছে