রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম দেখতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
১১ সদস্যের মার্কিন প্রতিনিধি দলটি শুক্রবার বেলা ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। এ সময় তারা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, জীবনযাত্রা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
পরে প্রতিনিধি দলটি সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ ডব্লিউ) ও ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। সেখানে তারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সন্ধ্যায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিনে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তাঁর বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে