কুষ্টিয়ার দৌলতপুরে নকল সিগারেট কারখানায় র্যাবের অভিযান, বিপুল মালামাল জব্দ
শনিবার, ৯ মে, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নকল সিগারেট উৎপাদনের একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব । অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, প্রসেসড তামাক এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাতে দৌলতপুর থানার ১০নং দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় মো. আহসান হাবীবের ভাড়া দেওয়া একটি ফ্যাক্টরিতে নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট তৈরি ও বাজারজাত করার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার। পাশাপাশি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২, ভেড়ামারা কুষ্টিয়ার সহকারী রাজস্ব কর্মকর্তাও অভিযানে অংশ নেন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক, ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১ লাখ শলাকা নকল সিগারেট, ১৫০ কেজি প্রসেসড তামাক এবং সিগারেট তৈরির ২৪ হাজার ফিল্টার জব্দ করা হয়। এছাড়া উৎপাদনে ব্যবহৃত ৬টি মেশিনও আটক করে কারখানাটি সিলগালা করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে দৌলতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
১১৭ বার পড়া হয়েছে