বান্দরবানে সংবর্ধনা পেলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাধবী মারমা
রবিবার, ১০ মে, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে বান্দরবান জেলা থেকে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ শেষে নিজ জেলা বান্দরবানে পৌঁছান অ্যাডভোকেট মাধবী মারমা।
শনিবার (৯ মে) তিনি প্রথমবারের মতো নিজ জেলায় আগমন করেন। এ সময় তাঁকে সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, পার্বত্য তিন জেলার সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে নারীদের শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসরত সব জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে পার্বত্য অঞ্চলে নারী উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
১৯৭ বার পড়া হয়েছে