সর্বশেষ

খেলা

শরিফুলের শুরুতে দাপটেও জিতল নিউজিল্যান্ড, সিরিজ ১-১ সমতায়

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২ মে, ২০২৬ ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
কার্টেল ওভারের ম্যাচে নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল ১৫ ওভারে ১০৩ রান। দুর্দান্ত বোলিংয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ।

৩৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে ভালো অবস্থানে ছিল টাইগাররা। তবে শেষ পর্যন্ত বেভন জ্যাকবসের ঝোড়ো ফিফটিতে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২০ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জেতে কিউইরা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ১–১ সমতায় শেষ হয় বাংলাদেশ–নিউজিল্যান্ডের। দ্বিতীয় টি–টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

রান তাড়ায় নামা নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় ও ষষ্ঠ বলে কেন উইলিয়াম ক্লার্ক (১) এবং ড্যান ক্লিভারকে (১) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তিনি।

নিজের পরের ওভারে এসে আরও এক উইকেট নেন শরিফুল। এবার টিম রবিনসনকে (১৪ বলে ২৩) বোল্ড করেন তিনি। ২৫ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর শেখ মেহেদী নিক কেলিকে (১) বোল্ড করেন। পঞ্চম ওভারে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে এরপর আর বড় বিপদে ফেলা যায়নি তাদের।

বেভন জ্যাকবস একাই ম্যাচ বের করে নেন। ৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ডিন ফক্সক্রফট ১৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ১৯ রানে ৩ উইকেট নেন। শেখ মেহেদী ২০ রানে ১ উইকেট শিকার করেন। রিপন মণ্ডল ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৮৬ রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ ৬ উইকেটে মাত্র ১৬ রান যোগ করে অলআউট হয় দল। ফলে কার্টেল ওভারের ম্যাচে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় টাইগাররা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সিরিজের প্রথম ম্যাচে জিতে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

শুরুটা খারাপ না হলেও ইনিংস স্থায়ী হয়নি বাংলাদেশের। সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে আউট হন। এরপর ৩৫ রানের মধ্যে দ্রুত উইকেট হারায় স্বাগতিকরা—তানজিদ হাসান তামিম ৬ রান এবং পারভেজ হোসেন ইমন শূন্য রানে আউট হন।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান ছিল বাংলাদেশের। পরে লিটন দাস ১৭ বলে ২৬ রান করে আউট হন।

তাওহীদ হৃদয় ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেললেও দলকে বড় সংগ্রহে নিতে পারেননি। শামীম হোসেন ৮ বলে ৩ রান করে আউট হন।

সাইফউদ্দিন গোল্ডেন ডাক পান এবং রিশাদ হোসেন ৪ বলে ৫ রান করে রানআউট হন। ৯৫ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

শেষদিকে শেখ মেহেদী ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইনিংস থামে ১৪.২ ওভারে ১০২ রানে। নিউজিল্যান্ডের জস ক্লার্কসন মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন