সর্বশেষ

খেলা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মিরপুরে ১০২ রানেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২ মে, ২০২৬ ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ছন্দ হারিয়ে মাত্র ১০২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের এই সংগ্রহ টপকাতে সফরকারী দলের প্রয়োজন ১০৩ রান।

দুপুর ২টায় ম্যাচ শুরু হলেও ৬.৪ ওভার শেষে হানা দেয় বৃষ্টি। প্রায় এক ঘণ্টা বিরতির পর বিকেল সাড়ে ৪টায় খেলা পুনরায় শুরু হয়। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৫ ওভারে নামিয়ে আনা হয়, যেখানে একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বল করার সুযোগ পান। তবে বিরতির পর ভেজা মাঠ এবং সফরকারীদের গতিময় বোলিংয়ের সঙ্গে তাল মেলাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। সাইফ হাসানের ১৬ রানের সুবাদে ৩ ওভারে বিনা উইকেটে ২১ রান তোলে দল। কিন্তু চতুর্থ ওভারে জেইডেন লেনক্স আঘাত হানলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর পঞ্চম ওভারে নাথান স্মিথের তোপে ভেঙে পড়ে টপ অর্ডার। তানজিদ হাসান তামিম (৬) বোল্ড হওয়ার পরের বলেই পারভেজ হোসেন ইমন (০) আউট হলে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি হয়। ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

বৃষ্টির পর অধিনায়ক লিটন দাস আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করেন। ৩টি চার ও ১টি ছয়ে ১৭ বলে ২৬ রান করে তিনি জশ ক্লার্কসনের বলে আউট হন। তার বিদায়ে বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে যায়। এক প্রান্তে তাওহিদ হৃদয় ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি।

শামীম পাটোয়ারী (৩) রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হলে মিডল অর্ডার ধসে পড়ে। এরপর শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনরা রান তোলার গতি বাড়াতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৫তম ওভারের প্রথম দুই বলে শরিফুল ইসলাম ও রিপন মণ্ডলকে বোল্ড করে বেন সিয়ার্স বাংলাদেশের ইনিংস ১০২ রানে গুটিয়ে দেন।

নিউজিল্যান্ডের পক্ষে জশ ক্লার্কসন ৩টি, বেন সিয়ার্স ও নাথান স্মিথ ২টি করে উইকেট নেন। এছাড়া জেইডেন লেনক্স ও ইশ সোধি একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ম্যাচের শুরুতে সতর্ক ব্যাটিংয়ে এগোলেও দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে আউট হন। এরপর তানজিদ ও ইমন দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। বৃষ্টি শুরুর আগে ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান তুলেছিল বাংলাদেশ। তখন লিটন দাস ২৫ ও তাওহিদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন।

বৃষ্টি থামার পর মাঠ শুকানোর কাজ চলে এবং আম্পায়ারদের পরিদর্শনের পর খেলা শুরু হয় বিকেল ৪টা ৩০ মিনিটে।

প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচটিই হয়ে ওঠে অলিখিত ফাইনাল।
 
 

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন