কলাপাড়ায় র্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা করতে চাই” স্লোগানকে সামনে রেখে উপজেলা, মহিপুর থানা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো. হারুনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেখ জসিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নসু এবং পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেবুর রহমান।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সকাল ৯টায় মহিপুর থানা শ্রমিক দলের উদ্যোগে মহিপুর বাজার এলাকায় আরেকটি র্যালি বের করা হয়। এতে শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং মে দিবসের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদারের সঞ্চালনায় স্থানীয় বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সর্দার, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ূব আকন ফিরোজ এবং মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শেষে শ্রমজীবী মানুষের উন্নয়ন ও অধিকার সুসংহত করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
১২৮ বার পড়া হয়েছে