রূপগঞ্জে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আটক ১৩
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৮:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামি শামীম মিয়া (উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক) চনপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অভিযান সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে শামীম মিয়াকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলে।
এর কিছুক্ষণ পর শামীমের অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে শামীম মিয়াকে ছিনিয়ে নেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে থাকা অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। এরপর বিশেষ অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, অভিযানের সময় একটি সংঘবদ্ধ চক্র ‘মব’ তৈরি করে আসামিকে ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২১ বার পড়া হয়েছে