বছরের শেষ দিকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচন শুরু হলে তা সম্পন্ন হতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। এ কারণে নির্বাচন এ বছরের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, নির্বাচন শুরুর আগে কিছু প্রস্তুতি প্রয়োজন, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগেই উল্লেখ করেছে।
উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য অফিস বরাদ্দ দেওয়া নিয়ে সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায় কি না— এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই। তার মতে, অফিস বরাদ্দ দেওয়ার বিষয়টি উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব করার ইঙ্গিত দেয় না।
তিনি বলেন, উপজেলা পরিষদ আইনের ধারা ২৫ অনুযায়ী সংসদ সদস্যরা আইনগতভাবেই উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। তাই তাদের জন্য অফিস থাকা অস্বাভাবিক কিছু নয়।
তবে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে থাকা উচিত কি না— এ নিয়ে সমাজে ভিন্নমত থাকতে পারে এবং এটি একটি আলাদা বিতর্কের বিষয়। সরকার উপজেলা পরিষদকে দুর্বল বা অকার্যকর করার কোনো পরিকল্পনা গ্রহণ করেনি বলেও তিনি স্পষ্ট করেন।
১১৭ বার পড়া হয়েছে