কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় ৪ জন আটক
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় চারজন সন্দেহভাজনকে আটক করেছে র্যাব।
এ ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারে যৌথভাবে কাজ করছে পুলিশ ও র্যাবের একাধিক টিম।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এখনো অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষ করে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা হন। পথে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওই দিনই নিহতের মা নিলীমা বৈরাগী কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রবিবার (২৬ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ কুমিল্লা কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে দুপুর ১২টায় মরদেহ নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
১২৪ বার পড়া হয়েছে