সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২ দিনে প্রাণ গেল ৫ জনের
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টার দিকে শিশু দুটির মৃত্যু হয়। তিনি বলেন, হামের উপসর্গের পাশাপাশি তারা অন্যান্য রোগেও আক্রান্ত ছিল।
এ নিয়ে গত দুই দিনে সিলেটে মোট ৫ শিশুর মৃত্যু হলো। এর আগে শুক্রবার একই দিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছিল। চলতি মাসে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও একই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।
চিকিৎসাধীন ১৯০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রয়েছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, যার মৃত্যু হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অপর দুইজন সুনামগঞ্জের দিরাই উপজেলার—১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
১২৩ বার পড়া হয়েছে