নরসিংদীতে বাস–কাভার্ড ভ্যান সংঘর্ষে পথচারীর মৃত্যু
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা–সিলেট মহাসড়কের বাঘহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা।
ইটাখোলা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস বাঘহাটা মসজিদের সামনে হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজিজুর রহমানকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়।
খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এসআই মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক চালকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১২০ বার পড়া হয়েছে