ময়মনসিংহে সড়ক-মহাসড়কে দাপট অবৈধ যানবাহনের, বাড়ছে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের সড়ক ও মহাসড়কজুড়ে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে অনুমোদনহীন যানবাহন, যার বড় অংশই সিএনজি চালিত অটোরিকশা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ৫ হাজার ২০০টি থ্রি-হুইলারের অনুমোদন থাকলেও বাস্তবে এর সংখ্যা ১০ থেকে ১৫ হাজারে পৌঁছেছে। অধিকাংশ যানবাহনের নেই বৈধ কাগজপত্র, আর চালকদের বড় অংশই অদক্ষ ও লাইসেন্সবিহীন। ফলে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি।
জেলা প্রশাসন গত ২ এপ্রিল থেকে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেও তা কার্যত কাগজেই সীমাবদ্ধ রয়েছে। সড়কে এখনও অবাধে চলাচল করছে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য ধীরগতির যানবাহন, যা ভারী যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা করে পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
স্থানীয়রা জানান, অধিকাংশ সিএনজি অটোরিকশায় নেই নম্বর প্লেট বা প্রয়োজনীয় কাগজপত্র। এতে দুর্ঘটনা বা অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি নম্বরবিহীন যানবাহনের কারণে অপরাধপ্রবণতাও বাড়ছে বলে অভিযোগ রয়েছে।
দিঘারকান্দা বাইপাস এলাকার বাসিন্দারা বলেন, অদক্ষ ও কমবয়সী চালকদের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেকেই সামান্য প্রশিক্ষণ নিয়ে রাস্তায় নেমে পড়ছে। তদারকির অভাবে এই সমস্যা আরও প্রকট হচ্ছে।
অন্যদিকে, চালকদের অভিযোগ—বিআরটিএ থেকে লাইসেন্স ও রেজিস্ট্রেশন পেতে দীর্ঘসূত্রতা ও ভোগান্তির কারণে অনেকেই বাধ্য হয়ে কাগজপত্র ছাড়াই যানবাহন চালাচ্ছেন। কেউ কেউ জানান, নিয়মিত চাঁদা দিয়ে সড়কে গাড়ি চালাতে হচ্ছে, না হলে মামলা বা জব্দের মুখে পড়তে হয়।
এদিকে শুধু সিএনজি নয়, ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। সিটি কর্পোরেশনের অনুমোদনের তুলনায় প্রায় সাতগুণ বেশি এ ধরনের যানবাহন সড়কে চলাচল করছে, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, অবৈধ যানবাহনের কারণে শহরের সড়ক ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। পরিকল্পিত অবকাঠামো উন্নয়নও এর কারণে ব্যাহত হচ্ছে। তারা অবৈধ যানবাহন অপসারণ, বৈধগুলোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লাইসেন্সবিহীন চালকদের জরিমানা ও শাস্তির আওতায় আনার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্টদের মতে, কার্যকর পদক্ষেপ না নিলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হবে। দুর্ঘটনা, চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ময়মনসিংহবাসী।
১২৪ বার পড়া হয়েছে