মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন প্রবাসী যুবক
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ২:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করতে গেলেন জর্ডান প্রবাসী এক যুবক। মায়ের ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ের উদ্দেশ্যে রওনা হওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমায় বিরল এই দৃশ্য দেখতে।
জানা গেছে, কোটালীপাড়ার নারকেলবাড়ী গ্রামের বাসিন্দা সতীশ মধুর ছেলে মিলন মধু দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডানে প্রবাস জীবন কাটাচ্ছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। তার মা ললিতা মধুর দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলে যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যায়। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই দেশে ফিরে এমন ব্যতিক্রমী আয়োজন করেন মিলন।
পরিবারের উদ্যোগে তার বিয়ে ঠিক হয় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে, কলেজছাত্রী প্রেরণা সরকারের সঙ্গে। নির্ধারিত সময় অনুযায়ী, আত্মীয়-স্বজনদের নিয়ে হেলিকপ্টারে চড়ে বরযাত্রী হিসেবে বিয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি।
মিলন মধু বলেন, “দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই মা চেয়েছিলেন আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করতে যাই।”
অন্যদিকে, ললিতা মধু জানান, “আমার ইচ্ছা পূরণ হয়েছে। ছেলের এই আয়োজন দেখে আমি খুব খুশি। আশা করছি, বিয়ের পর সে বৌমাকে নিয়েও হেলিকপ্টারে করে বাড়ি ফিরবে।”
স্থানীয় সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, “আমাদের এলাকায় এই প্রথম হেলিকপ্টারে করে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি আমাদের জন্য আনন্দের ও গর্বের।”
ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
১২১ বার পড়া হয়েছে