টাঙ্গাইলে ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল শহরে সংঘটিত একটি দুর্ধর্ষ ও ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
এ ঘটনায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত ১৭টি মোবাইল ফোন (আইফোনসহ) উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন।
তিনি লিখিত বক্তব্যে জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া গত ১৯ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে টাঙ্গাইল শহরের উদ্দেশে অটোরিকশায় আসার পথে ছিনতাইয়ের শিকার হন। তিনি বেবিস্ট্যান্ড এলাকা অতিক্রম করার পর জেলা প্রাণী হাসপাতালের প্রধান গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি চাপাতি প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখায়। এরপর তারা তার পকেটে থাকা ছয় হাজার টাকা ও একটি অপো এফ ১৫ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া ২১ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ৫১।
মামলার পর টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল লোকেশন ট্র্যাকিংসহ বিভিন্ন কৌশল ব্যবহার করে আসামিদের শনাক্ত করে।
ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে কচুয়াডাঙ্গা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে মো. রুবেল মিয়া (৩৬), থানাপাড়ার আফজাল হোসেন ওরফে আব্দুল হাইয়ের ছেলে সম্রাট (৩৮) এবং হাতিলা এলাকার জামালুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৪৬)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত মনিরুজ্জামানের হেফাজত থেকে আরও ১৬টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেগুলোর বৈধ কোনো মালিকানা কাগজপত্র পাওয়া যায়নি।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
১২১ বার পড়া হয়েছে