সর্বশেষ

জাতীয়

তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করা হচ্ছে, আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”

এদিন বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তারা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে রোববার বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর ভাড়া নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সকালে একটি সুপারিশ প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে, যাতে কোনো পক্ষই অতিরিক্ত ক্ষতির মুখে না পড়ে।

তিনি আরও ইঙ্গিত দেন, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই বা তিন ধাপে নির্ধারণ করা হতে পারে, যা আসন্ন কোরবানির ঈদের সময়েও কার্যকর থাকতে পারে।

উল্লেখ্য, গত শনিবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে, যা মধ্যরাত থেকেই কার্যকর হয়। নতুন দরে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটারে ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।
 

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন