উল্লাপাড়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে শাহ জালাল (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহ জালাল উপজেলার বাহিমান গ্রামের আব্দুল হালিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলপ ইউনিয়নের সোনাতলা বাজারে ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের মার্কেটের একটি কক্ষে নাসির শেখ নামের এক ব্যক্তি ইন্টারন্যাশনাল কওমি হেফজ মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন। প্রায় দুই বছর ধরে চলমান ওই মাদ্রাসায় শাহ জালাল শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ রয়েছে, তিনি মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ওপর নির্যাতন চালান, এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে বিষয়টি অভিভাবকদের নজরে আসে। তারা মাদ্রাসা পরিচালনা কমিটিকে বিষয়টি জানান।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপুকর জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে