মানিকগঞ্জে গণপিটুনিতে ২জন নিহতের ঘটনায় তিনদিন পর মামলা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সদর উপজেলায় গণপিটুনিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় তিন দিন পর ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮০–৯০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলার সদর উপজেলার বনপারিল এলাকায় আতিকার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সন্দেহভাজন নাঈম নামের এক কিশোরের বাবা ও চাচাকে গণপিটুনি দেওয়া হয়। ওই ঘটনায় তারা নিহত হন।
নিহত পান্নু মিয়ার স্ত্রী নার্গিস বেগম রবিবার (১৯ এপ্রিল) রাতে বাদী হয়ে সদর থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮০–৯০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো সময় আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হতে পারে।
এর আগে নিহত শিশু আতিকার মা আরিফা আক্তার বাদী হয়ে পাঁচজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন নাঈমকে পুলিশ গ্রেফতার করে। রবিবার (১৯ এপ্রিল) আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, সোনার কানের দুলের জন্যই মূলত শিশু আতিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বর্তমানে নাঈম গাজীপুরের কিশোর সংশোধনাগারে রয়েছে।
এছাড়া একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী নিত্য কর্মকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, বনপারিল এলাকায় গণপিটুনিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১২০ বার পড়া হয়েছে