সৌদি থেকে দেশে ফেরার আগের দিন কানাইঘাটের দুই প্রবাসীর মৃত্যু
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরব থেকে দেশে ফেরার পথে তায়েফ শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও তার আগেই সোমবার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই আকস্মিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও নিজ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত প্রবাসীরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের লামারতালুক গ্রামের বাসিন্দা করিম আহমদ (পিতা আবু বক্কর) এবং খালিদ আহমদ (পিতা কুতুব উদ্দিন)। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের আল-মাজমাহ এলাকার হুরমায় বসবাস করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে তারা জেচ্ছা বিমানবন্দরের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন। পথে তায়েফ নামক স্থানে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই রেমিট্যান্স যোদ্ধা প্রাণ হারান।
এই দুর্ঘটনায় নিহত করিম আহমদের মেজো ছেলো গুরুতর আহত হয়েছেন। তিনি বাবাকে বিদায় জানাতে একই গাড়িতে জেচ্ছা বিমানবন্দরে যাচ্ছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত করিম আহমদের বড় ছেলে কাতারে কর্মরত আছেন।
অন্যদিকে, নিহত খালিদ আহমদ আট সন্তানের জনক ছিলেন। তার চার ছেলে ও চার মেয়ে রয়েছে। উপার্জনক্ষম দুই প্রবাসীকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্ত এই পরিবারগুলো।
স্থানীয় দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।
১২৩ বার পড়া হয়েছে