মুন্সীগঞ্জে খাল খনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলায় চলমান বিভিন্ন দপ্তরের খাল খনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি ‘মডেল খাল’ খনন প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নির্ধারিত সময়ে খাল খননের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং ভার্চুয়ালি উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
সভায় জানানো হয়, দেশের ৬৪টি জেলায় একটি করে ‘মডেল খাল’ খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এটি সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি অগ্রাধিকার কর্মসূচি। মুন্সীগঞ্জ জেলায় এই মডেল খাল নির্বাচনের স্থান ও তা বাস্তবায়নের রূপরেখা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা স্ব-স্ব দপ্তরের অধীন চলমান খাল খনন প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব সমস্যা দ্রুত সমাধান করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে নিয়মিত কাজের তদারকি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।
গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
১৩৫ বার পড়া হয়েছে