সাতক্ষীরায় আওয়ামী নেতার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনিতে একাধিক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে ফুঁসে উঠেছে তৃণমূল। এই অনুপ্রবেশ ঠেকাতে এবং বিতর্কিত এই নেতার গ্রেপ্তারের দাবিতে কাপসন্ডা বাজারে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে খাজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কাপসন্ডা বাজারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ সেপ্টেম্বর আশাশুনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিহ্নিত এই আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে অংশগ্রহণ করেন। স্থানীয় কিছু সুবিধাবাদী নেতার প্রত্যক্ষ মদদে তিনি দলে ভেড়ার চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীরা।
খাজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইউনুছ আলীর সঞ্চালনায় সমাবেশে দলটির স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কোনো বিতর্কিত ব্যক্তিকে দলে আশ্রয় দেওয়া যাবে না। একাধিক মামলার আসামি অহিদুল মোল্লার মতো ফ্যাসিবাদী দোসরকে মঞ্চে স্থান দেওয়া সাধারণ কর্মীরা কখনোই মেনে নেবে না।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা অবিলম্বে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অহিদুল মোল্লার গ্রেপ্তারের জোর দাবি জানান। একই সঙ্গে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বিতর্কিত এই নেতার দলে প্রবেশের পথ স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানান। কর্মসূচিতে এলাকার যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
১২৩ বার পড়া হয়েছে