সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে আতিকা হত্যার প্রধান অভিযুক্ত নাঈম গ্রেফতার, গণপিটুনিতে নিহত ২

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় শিশু আতিকা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নাঈম (১৫) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে নাঈমকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে পুলিশের বিশেষ হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিশোর আদালতে পাঠানো হবে। অন্য আসামি রনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত শিশুর মা আরিফা আক্তার। মামলার আসামিরা হলো—সদর উপজেলার বনপারিল গ্রামের কিশোর নাঈম (১৫), তার বাবা পান্নু মিয়া (৪৫), চাচা ফজলু মিয়া (৩০), ভাই নাজমুল হোসেন (২৪) এবং একই গ্রামের মো. রনি (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলের পর থেকে সৌদি প্রবাসী দুদল মিয়ার সাত বছরের মেয়ে আতিকা আক্তার নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ চেয়ে পোস্ট দেওয়া হয়।

এরপর আলী নামের এক শিশু জানায়, সে আতিকাকে একই গ্রামের কিশোর নাঈমের সঙ্গে দেখেছে। এ তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যরা নাঈমকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভূট্টাখেতে গলায় কাপড় পেঁচানো অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। এ সময় নাঈম পালিয়ে যায়। তবে তার বড় ভাই নাজমুল হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে নাঈমের বাবা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়াকে শিশুটির বাড়িতে ডেকে আনা হয়।

রাত ১১টার দিকে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে পান্নু মিয়া ও ফজলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নাজমুল হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে নিহত শিশু আতিকা এবং গণপিটুনিতে নিহত পান্নু ও ফজলুর মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে এশার নামাজের পর জানাজা শেষে বনপারিল কেন্দ্রীয় কবরস্থানে আতিকাকে দাফন করা হয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পান্নু ও ফজলুর মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম আরও বলেন, গণপিটুনিতে নিহত দুইজনের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন