উল্লাপাড়ায় ট্রান্সপোর্টে অভিযান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সদাগর এক্সপ্রেস লিমিটেডের শাখা কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে বুকিং নেওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যা সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
এ সময় ২৭টি বস্তায় রাখা প্রায় ২৭০ পিস জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ। তিনি ট্রান্সপোর্টের ম্যানেজার সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, এ ধরনের জাল মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
১২৪ বার পড়া হয়েছে