১ জুলাই শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : সংসদে প্রধানমন্ত্রী
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নতুন কর্মসূচির মাধ্যমে বাকি শিক্ষকদেরও ধাপে ধাপে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এদিকে, উপকূলীয় এলাকার উন্নয়ন ও সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের বিষয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি উল্লেখ করেন, ‘সমুদ্র অঞ্চল পরিকল্পনা’ (Maritime Spatial Planning-MSP) কার্যক্রম ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করাই এর লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই এ খাতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
২৬৩ বার পড়া হয়েছে