এ বাজেট রঙিন হাওয়াই মিঠাইয়ের মতো’ : মোমিন মেহেদী
শনিবার, ১৩ জুন, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘রঙিন হাওয়াই মিঠাইয়ের’ সঙ্গে তুলনা করেছেন নতুন ধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী। তার দাবি, বাহ্যিকভাবে আকর্ষণীয় মনে হলেও সামান্য চাপেই এ বাজেটের বাস্তবতা ভেঙে পড়বে।
১২ জুন সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুন ধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত বাজেটোত্তর প্রতিক্রিয়া সভায় তিনি এসব কথা বলেন।
মোমিন মেহেদীর মতে, প্রস্তাবিত বাজেটের প্রধান অন্তরায় হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান চুক্তি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণনির্ভরতা। তিনি বলেন, এসব থেকে বেরিয়ে আসতে না পারলে সরকারের বাজেটসহ অন্যান্য উদ্যোগ সফল হবে না।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্কিন চুক্তি বহাল রেখে বাজেট প্রণয়ন করা অনেকটা ‘গলায় ফাঁসির রশি নিয়ে বিয়ের আসরে বসার’ মতো। তিনি অভিযোগ করেন, সরকার ও বিরোধী দলগুলো দেশের অর্থনৈতিক বাস্তবতা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে।
মোমিন মেহেদী আরও বলেন, অপরিকল্পিত ও ঋণনির্ভর বাজেট দেশের দারিদ্র্য ও ঋণের বোঝা আরও বাড়িয়ে দেবে। একই সঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের বিরুদ্ধে দেশের স্বার্থবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগও তোলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হাশেম মোল্লা এবং কাউসার বেপারীসহ দলের অন্যান্য নেতারা।
সভায় শান্তা ফারজানা বলেন, দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও সংশ্লিষ্ট মহল তা উপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, দেশের স্বার্থবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অর্থনৈতিক ঝুঁকি আরও বাড়ছে।
এ সময় নতুন ধারা বাংলাদেশের নেতৃবৃন্দ দাবি করেন, বিভিন্ন দেশি-বিদেশি চক্র বাংলাদেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে। পাশাপাশি তারা দেশে সহিংসতা ও অস্থিরতা সৃষ্টির অভিযোগও উত্থাপন করেন।
১১০ বার পড়া হয়েছে