চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাখের আলী ঘাটসংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে কারিমা (৮) এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত (৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও চরবাগডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী কাজল চন্দ্র শীল জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে কারিমা ও ইসরাত। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের খুঁজে পাওয়া যায়নি।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে কারিমার মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৪টা ১০ মিনিটে ইসরাতের মরদেহও উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১১১ বার পড়া হয়েছে