পদ্মাপাড়ে ঘুড়ির রঙিন উৎসব, এক মঞ্চে বিভিন্ন দলের নেতারা
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে রাজশাহীর পদ্মাপাড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঘুড়ি উৎসব। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর পদ্মা নদীর তীরবর্তী ‘সীমান্ত অবকাশ’ এলাকায় রাজশাহী ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে নানা রঙের ঘুড়িতে আকাশ ভরে ওঠে, আর সেই সঙ্গে জমে ওঠে উৎসবের আমেজ। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ঘুড়ি ওড়ানোর আনন্দে। অংশগ্রহণকারীরা লাটাই হাতে নিয়ে আকাশে ঘুড়ি উড়িয়ে উপভোগ করেন নববর্ষের আনন্দঘন মুহূর্ত।
এদিকে, উৎসবটি শুধু সাধারণ মানুষের অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেনি; বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে এটি রূপ নেয় এক অনন্য মিলনমেলায়। ভিন্ন মত ও আদর্শের নেতারা একই স্থানে উপস্থিত হয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীসহ আরও অনেকে।
১৪৭ বার পড়া হয়েছে