সর্বশেষ

সারাদেশ

নিমন্ত্রণের ফাঁদে ডেকে চাঁদাবাজি ও ছিনতাই, রংপুরে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরে বাসায় নিমন্ত্রণের প্রলোভন দেখিয়ে ডেকে এনে চাঁদা দাবি ও মোটরসাইকেলসহ নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—হজরত আলী, এরফান আলী, সামিউল ইকবাল, ওমর ফারুখ ও রায়হান। তাদের সবার বাড়ি রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আজাদ রহমান জানান, ভুক্তভোগী রবিউল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দুরারকুঠি গ্রামের বাসিন্দা। তার ছেলে হাফিজুল ইসলাম রংপুরে থেকে পড়াশোনা করেন। একই এলাকার পরিচয়ে হজরত আলীর সঙ্গে হাফিজুলের পরিচয় হয় এবং সে সুবাদে হজরত আলী একাধিকবার তাদের বাড়িতেও যাতায়াত করে।

পরবর্তীতে হজরত আলী কৌশলে হাফিজুল ইসলামকে তার বাসায় আসার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিতে থাকে। এর ধারাবাহিকতায় গত ২০ মার্চ, ঈদের আগের দিন, হাফিজুলকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ওভারব্রিজ এলাকায় ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে তাকে আটকে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ৬ হাজার ৩০০ টাকা ও একটি টেকনো মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে মোটরসাইকেলটি নিয়ে যায় এবং এক লাখ টাকা দিলে তা ফেরত দেওয়া হবে বলে জানায়।

এ ঘটনার পর ২২ মার্চ, ঈদের পরের দিন, হাফিজুলের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করা হয়। তবুও মোটরসাইকেল, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফেরত না দিয়ে পুনরায় টাকা দাবি করতে থাকে চক্রটি।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে ৩ এপ্রিল রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি আজাদ রহমান আরও জানান, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা প্রথমে পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে পরে বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন