দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ ৭ জন আটক
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (১৫ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন— মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানায়।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর প্রায় ৫টার দিকে কোস্টগার্ড স্টেশন রূপসার সদস্যরা খুলনার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেলসহ ওই সাতজনকে আটক করা হয়।
কোস্টগার্ড আরও জানায়, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২২৬ বার পড়া হয়েছে