সর্বশেষ

সারাদেশ

প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলায় আনন্দের জোয়ার বইছে। রাস্তায় রাস্তায় উল্লাস, দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বার্তায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। নতুন মন্ত্রিসভায় জয়পুরহাট-২ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েই স্থান পান আব্দুল বারী। এতে দীর্ঘদিন পর জয়পুরহাটে মন্ত্রী পাওয়ার প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, স্বাধীনতার পর জয়পুরহাট-২ আসন থেকে আর কোনো মন্ত্রী পাওয়া যায়নি। সর্বশেষ ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আমলে বিএনপির বর্ষীয়ান নেতা প্রয়াত আব্দুল আলীম রেল ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রায় সাড়ে চার দশক পর আবারও মন্ত্রী পেলেন এ অঞ্চলের মানুষ।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

আব্দুল বারী প্রশাসনিক ক্যারিয়ারে ঢাকা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে অবসরে যাওয়ার পরও দীর্ঘ সময় তাঁর অবসরকালীন প্রাপ্যতা স্থগিত ছিল। পরবর্তীতে ২০২৫ সালে তিনি সচিব পদমর্যাদা লাভ করেন। এলাকায় তিনি ‘ডিসি বারী স্যার’ নামেই বেশি পরিচিত।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৬৫ হাজার ৫১৭ ভোটের ব্যবধানে জয়ী হন, যা এ আসনের অতীতের ব্যবধানের রেকর্ড ছাড়িয়ে যায়। রাজনৈতিক অঙ্গনে তুলনামূলক নতুন মুখ হলেও দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, ব্যক্তিগত সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি ব্যাপক সমর্থন পান বলে মনে করছেন স্থানীয়রা।

হলফনামা অনুযায়ী, তাঁর স্থাবর সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ২৬ লাখ ৬৪ হাজার টাকা। বার্ষিক আয় দেখানো হয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৮৯৭ টাকা।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব বলেন, নতুন মন্ত্রিসভায় জয়পুরহাটের কৃতি সন্তান আব্দুল বারীর অন্তর্ভুক্তি জেলাবাসীর জন্য গর্বের বিষয়। আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল ও কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ হোসেনও তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়নের আশা ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, জনগণের আস্থা রক্ষা করে সততা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াই হবে তাঁর অঙ্গীকার।
 
 

৪০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন