ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের ৫১৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিবারের মেধাবী সন্তানদের উৎসাহ ও প্রেরণা জোগাতে শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, 'সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখাতে হবে। নৈতিকতাহীন মানুষ দিয়ে কখনো উন্নত দেশ গড়া সম্ভব নয়। এই নৈতিক শিক্ষা ছোটবেলা থেকেই শেখাতে হবে এবং নিজেদেরও নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।'
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, 'বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে ইংরেজি ভাষার দক্ষতাও বাড়াতে হবে। তোমরা যদি ভালো মানুষ হও, পিতা-মাতা গর্ববোধ করবে।'
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ। তিনি শিক্ষাবৃত্তি প্রদানকে অত্যন্ত মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, 'একটি সমাজ বা রাষ্ট্র উন্নতি করতে চাইলে উন্নতমানের মানুষ তৈরি করতে হবে। আদর্শ ও উন্নত মানুষ ছাড়া উন্নত সমাজব্যবস্থা গড়া সম্ভব নয়। এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করবে। বৃত্তিপ্রাপ্তরা যদি ভবিষ্যতে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠে, সেটাই আমাদের সাফল্য।'
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে বলেন, 'এমন সুন্দর একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। সকল শিক্ষার্থী বন্ধুদের পক্ষ থেকে ডিএমপিকে এই আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মোঃ আমীর খসরু। উল্লেখ্য, ডিএমপি বাংলাদেশের অন্যতম বৃহৎ পুলিশ ইউনিট। এখানে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭ সালে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু হয়।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা, (অতিরিক্ত আইজি); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
২৫৫ বার পড়া হয়েছে