তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ ৮:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি ইচ্ছে করলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন, এতে কোনো বাধা নেই।”
বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “ভারতে যদি কোনো বাংলাদেশি অবস্থান করে, তবে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের নীতিমালা আছে। কিন্তু ভারত প্রথাগত কূটনৈতিক চ্যানেল ব্যবহার না করে যেভাবে সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক ঠেলে পাঠাচ্ছে, তা অনৈতিক ও বেআইনি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”
সরাসরি উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরের বিশিয়া কুড়িবাড়িতে একটি বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে তাঁর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।
৩৩৪ বার পড়া হয়েছে