সীতাকুণ্ডে মহাসড়কে লুট হওয়া ১২টি গরু উদ্ধার, গ্রেফতার ২
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতালের পাশে একটি ফাঁকা জায়গা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন স্থানীয় বাসিন্দা মো. তামিম ও আনোয়ার হোসেন। পুলিশ জানায়, তামিম একজন সক্রিয় ডাকাত দলের সদস্য এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়। পরে অপর অভিযুক্ত আনোয়ারকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “গত শনিবার রাতে উপজেলার বগুলা বাজার এলাকায় মহাসড়কে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ১২টি গরু লুট করা হয়। গরুগুলো কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে হাতিয়া থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।”
লুটের ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক মো. মাহফুজ সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আরও জানান, উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
৪৮০ বার পড়া হয়েছে