সর্বশেষ

জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, দিনভর নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। দিনের শুরুতে ফজরের নামাজের পর দেশের কল্যাণ, সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উন্নতি কামনার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ ছাড়া তিন বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকেরা অংশ নেবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকার বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস এবং সংশ্লিষ্ট ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সংবর্ধনা অনুষ্ঠান ও অন্যান্য আয়োজন। সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তর এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্যও বিশেষ আয়োজন থাকছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। ২১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত এসব জাহাজ নিকটবর্তী ঘাটে নোঙর করা অবস্থায় থাকবে। এ সময় সর্বসাধারণ জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০