রাজশাহীতে মায়ের কবর জিয়ারতের সময় সাবেক কাউন্সিলর টুকু গ্রেপ্তার
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। শুক্রবার নগরীর মহিষবাথান কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাজপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গত ১৫ নভেম্বর রাজপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ১৯।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান টুকু জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। একটি পা স্বাভাবিক না থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় বসবাস এবং আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরও তিনি আত্মগোপনে না গিয়ে নিজ এলাকাতেই অবস্থান করছিলেন।
আটক সাবেক এই কাউন্সিলরের পরিবারের একাধিক সদস্য স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ। তার ভাই সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া তার অন্য ভাইয়েরাও বিভিন্ন সময়ে ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ায় পুলিশ। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
১০৫ বার পড়া হয়েছে